যশোরে মুক্তিযোদ্ধা ভাতার টাকা আত্মসাৎ,বৃদ্ধা মাকে শারীরিক নির্যাতন এবং নগদ টাকা চুরির অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক অসহায় মা। বুধবার (১১ মার্চ) যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদের আদালতে এই মামলাটি দায়ের করেন তিনি।বিচারক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত মুক্তিযোদ্ধা আলী হোসেনের স্ত্রী রিজিয়া বেগম। আসামি তার ছেলে মোস্তফা কামাল শিফা(৫১)।
মামলার আরজিতে জানা যায়,আসামি শিফা দীর্ঘদিন ধরে জুয়া, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। মুক্তিযোদ্ধা বাবার মৃত্যুর পর রিজিয়া বেগম তার মাসিক ভাতা ও পেনশন উত্তোলনের দায়িত্ব ছেলের হাতে অর্পণ করেছিলেন। কিন্তু বিশ্বাসভঙ্গ করে ছেলে সেই ভাতার টাকা মাকে না দিয়ে নিজে আত্মসাৎ করে আসছিলেন।
গত ৫ মার্চ ভুক্তভোগী মা তার চিকিৎসার জন্য ছেলের কাছে পেনশনের টাকা ও ডেবিট কার্ড চাইলে আসামি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর শিফা তার তৃতীয় স্ত্রী ও পুত্রের প্ররোচনায় নিজ মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বেদম মারধর করে জখম করেন। পরবর্তীতে গত ৬ মার্চ দিবাগত রাত ৩টার দিকে (সেহরির সময়) আসামি শিফা পুনরায় জোরপূর্বক মায়ের ঘরে ঢুকে বিছানার নিচে রাখা নগদ ৫ হাজার টাকা চুরি করেন। মা বাধা দিতে গেলে তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বারান্দায় ও উঠানে ফেলে লাথি ও কিল-ঘুষি মেরে জখম করা হয়। মায়ের আর্তচিৎকারে আশপাশের লোকজন ও অন্যান্য আত্মীয়রা এসে তাকে উদ্ধার করেন। এসময় আসামি ধারালো রামদা উঁচিয়ে মাকে খুনের হুমকি দেয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা না নেওয়ায় ভুক্তভোগী মা আজ আদালতের শরণাপন্ন হন। আদালত আবেদনটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।


