যশোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

যশোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার যশোর কালেক্টরেট চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, যশোর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) রফিকুল ইসলাম। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে তারা সমাজের বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে। সাদাছড়ি কেবল একটি লাঠি নয়, এটি দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের আত্মমর্যাদা ও সম্ভাবনার পথচলার প্রতীক।

Explore More Districts