যশোরে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ, ৪ জনের নাম উল্লেখ করে মামলা

যশোরে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ, ৪ জনের নাম উল্লেখ করে মামলা

যশোর শহরের খড়কী এলাকায় বিএনপির আঞ্চলিক কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গত ৪ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় খড়কী দক্ষিণপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে ওহিদুল ইসলাম সোহেল বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন—খড়কী এলাকার চান্দালী ওরফে চাঁদ আলীর ছেলে লাদেন (২৬), আবদুর রশিদের ছেলে সানি (২৫), মুজিবর রহমানের ছেলে সাকিব (৩০) ও তহিদুল ইসলামের ছেলে তৌফিক (১৯)।

এজাহারে বাদী অভিযোগ করেন, আসামিরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক সেবন ও বিক্রি এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৪ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে তাঁরা খড়কী বিএনপির আঞ্চলিক কার্যালয়ের পাশে মেহেদী হাসানের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

মামলার এজাহারে আরও বলা হয়, ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে কয়েকজনকে বোমা বহন ও বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। ওই ফুটেজের ভিত্তিতে চারজনকে শনাক্ত করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। তবে অজ্ঞাতনামা অন্য আসামিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে ওই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

 

Explore More Districts