যশোর শহরে পৃথক দুই ঘটনায় এক বৃদ্ধ ও এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে আত্মহত্যা এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, যশোর শহরের ঝুমঝুমপুর কলোনি এলাকার বাসিন্দা লিয়াকত আলী (৭০) দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি নিজ শয়নকক্ষে ঘরের বাঁশের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর শহরের খড়কি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মুড়াগাছা গ্রামের আফসার মোড়লের ছেলে। বর্তমানে তিনি যশোরের খড়কি আব্দুল মজিদ সড়কে বিল্লাল নামে এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন।
জানা গেছে, বৈদ্যুতিক লাইনের তারে সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আল আমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুটি মৃত্যুর ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন।



