যশোরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু, কীটনাশক পানে শিক্ষক হাসপাতালে

যশোরে পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে এক নারী ও ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া পারিবারিক সমস্যার কারণে কীটনাশক পান করে এক শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে,রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজ সিংঙ্গা গ্রামে স্বামীর বাড়ির নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন শিলা (২৮)। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই রাতে পারিবারিক সমস্যার কারণে বিষপানে করেন শার্শার নাভারণ এলাকার মোহাম্মদ শরিফুল ইসলাম (৫৫)। তিনি বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। রোববার রাত ৮টার দিকে বিষপান করার পর সোমবার সকালে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সকাল ৭টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, সোমবার (১৭ আগস্ট) সকালে যশোর শহরের রাজারহাট এলাকায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে শাহেব আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত শাহেব আলী নড়াইল সদর উপজেলার সাহাবাদ বাজার এলাকার মৃত রাজ্জাক মোল্লার ছেলে। তিনি যশোর কোতোয়ালি মডেল থানার রাজারহাট এলাকায় আব্দুর রউফের ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ভবনের তিনতলার ছাদে কবুতরের ঘর মেরামত করতে যান শাহেব আলী। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা সকাল ১০টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Explore More Districts