যশোর শহরে এক পুলিশ কর্মকর্তার বাসায় সংঘটিত চুরির ঘটনায় কুখ্যাত চোর শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীমকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় চুরি হওয়া স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের পুলিশ লাইন টালিখোলা কাজীপাড়া এলাকার পুলিশ কর্মকর্তা আমিরুজ্জামানের ভাড়া বাসায় গত ১২ ফেব্রুয়ারি চুরির ঘটনা ঘটে। ওই সময় তার স্ত্রী নুসরাত নাজনীন অসুস্থতার কারণে ঢাকায় অবস্থান করছিলেন। পরে ২৮ ফেব্রুয়ারি দুপুরে বাসায় ফিরে তিনি ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, গভীর রাতে কৌশলে ঘরে প্রবেশ করে শামীম এক জোড়া সোনার চেইন, এক জোড়া কানের দুল, ৬টি আংটি, একটি রুপার ব্রেসলেট, একটি রুপার আংটি এবং নগদ ১৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। এতে মোট প্রায় ৪ লাখ ৮০ হাজার ৫০০ টাকার মালামাল চুরি হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় শনিবার (২৫ এপ্রিল) মামলা দায়ের করা হলে দ্রুত অভিযান চালায় ডিবি পুলিশ। একই দিন দিবাগত রাত দেড়টার দিকে শেখহাটি বাবলাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে শামীমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চুরি হওয়া এক জোড়া সোনার চেইন ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৬ হাজার ৮৯৭ টাকা।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই অলোক কুমার দে জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে প্রথমে শামীমকে শনাক্ত করা হয়। তিনি আরও জানান, আটক শামীম একজন চিহ্নিত চোর এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অতীতে তিনি কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন।
শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্যঃ পুলিশ কর্মকর্তা আমিরুজ্জামান যশোর কোতোয়ালী মডেল থানার সাবেক সেকেন্ড অফিসার। তিনি সাতক্ষীরা জেলার কলরোয়া থানার বাসিন্দা।



