যশোর শহরের আরএন রোড ক্রীড়াচক্র মাঠে শনিবার ব্রাদার টিটোস হোম (বিটিএইচ) এর উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবে হাজারো দর্শনার্থীর উপচে পড়া ভিড় দেখা গেছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক পদের বাহারি পিঠা ঘিরে ছিল জমজমাট বেচাকেনা।
আয়োজকদের মতে, মায়েদের সঙ্গে সন্তানদের সম্মিলিত অংশগ্রহণে ঘরে তৈরি ঐতিহ্যবাহী দেশীয় পিঠাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতেই এ উৎসবের আয়োজন করা হয়। এবারের পিঠা উৎসবের প্রতিপাদ্য ছিল— ‘খুব কম বাচ্চাই পিঠা বোঝে, আমাদের বাচ্চাদের পিঠা চেনাই’।
প্রায় ৫০টি স্টলে ভাজা ও ভাপা পিঠা, রসের পিঠা, পাটিসাপটা, মালপোয়া, ভাপাপুলি, নকশি ও ফুল পিঠাসহ নানা ধরনের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। উৎসবের বিশেষ আকর্ষণ ছিল খেজুরের রস, যা দর্শনার্থীদের দারুণ আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।
উৎসব শেষে প্রধান অতিথি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে বেস্ট স্টল অ্যাওয়ার্ড অর্জন করেন ওমর জুওরাইরিয়া। প্রথম রানার্সআপ হন সাইরান গালিব এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তাসনিম জেমি।

