যশোরে পিকআপের চাপায় শ্রমিক নিহত

যশোরে পিকআপের চাপায় শ্রমিক নিহত

যশোরের মণিরামপুর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় আব্দুল আলীম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পৌর এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন মাইক্রোবাস মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলীম উপজেলার পেয়ারাতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় দিনমজুর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে শ্রমিকের কাজের উদ্দেশ্যে মনিরামপুর বাজারে যাচ্ছিলেন আলীম।

পথে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে পিকআপটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পিকআপটি দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Explore More Districts