যশোরে পবিত্র আশুরার তাজিয়া মিছিল অনুষ্ঠিত

যশোরে পবিত্র আশুরার তাজিয়া মিছিল অনুষ্ঠিত

পবিত্র আশুরা উপলক্ষে যশোরে শোকাবহ পরিবেশে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ি কার্যকরী পরিষদের উদ্যোগে আয়োজিত এ মিছিলে শিয়া সম্প্রদায়ের কয়েকশত ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারের শাহাদাতের স্মরণে তারা গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন।

হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ি কার্যকরী পরিষদের সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে তাজিয়া মিছিলটি শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়। মিছিলটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে মুজিব সড়ক, দড়াটানা মোড়, চৌরাস্তা ও আরএন রোড হয়ে শহরতলীর মুড়লীমোড় ইমামবাড়িতে গিয়ে শেষ হয়।

মিছিলের শুরুতেই ইমামবাড়ি প্রাঙ্গণে সমবেত হয়ে ভক্তরা ‘জিয়ারত আশুরা’ পাঠ করেন এবং কারবালার শহীদদের আত্মত্যাগের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে শোকের প্রতীক কালো পোশাক পরিহিত অংশগ্রহণকারীরা সুশৃঙ্খলভাবে তাজিয়া মিছিলে অংশ নেন। এ সময় তাদের কণ্ঠে বারবার ধ্বনিত হয়—‘হায় হাসান, হায় হোসেন’। অনেকেই বুক চাপড়ে (মাতম) কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মৃতিচারণ করেন এবং ইমাম হোসেন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

মিছিলকে কেন্দ্র করে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে পুলিশ মোতায়েন করা হয় এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজকরা বলেন, পবিত্র আশুরা কেবল শোকের দিনই নয়, সত্য, ন্যায়, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের এক অনন্য শিক্ষা বহন করে। কারবালার আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য চিরন্তন প্রেরণার উৎস। সেই আদর্শকে ধারণ করেই প্রতি বছরের মতো এবারও যশোরে শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Explore More Districts