যশোরে তরুণ সাংবাদিকের মৃত্যু, শোকে সাংবাদিক মহল

যশোরে তরুণ সাংবাদিকের মৃত্যু, শোকে সাংবাদিক মহল

যশোরের তরুণ সাংবাদিক ছাকিন হোসেন (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে সদর উপজেলার শেখহাটি তরফ নওপাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান। পরে স্বজনরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাকিন হোসেন দৈনিক সুবর্ণভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার এবং গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি শেখহাটি তরফ নওপাড়া এলাকার রমজান আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন সমস্যার মধ্যে ছিলেন। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তরুণ এই সংবাদকর্মীর মৃত্যুতে যশোরের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সহকর্মীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Explore More Districts