রাজীব হোসেন, নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের সর্দার বাগডাঙ্গা এলাকায় ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে মো. নুর-নবী (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত নুর-নবী সর্দার বাগডাঙ্গা গ্রামের মৃত নহর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ট্রাক্টর দিয়ে জমি চাষের কাজ শেষে বাড়ি ফেরার পথে সর্দার বাগডাঙ্গা মেইন সড়কের পাশে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে পুকুরে পড়ে যায়। এসময় নুর-নবী ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে ট্রাক্টরের নিচ থেকে বের করে আনেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, কৃষিকাজে ব্যবহৃত ভারী যানবাহন চালানোর সময় আরও সতর্কতা প্রয়োজন, না হলে এমন দুর্ঘটনা যে কোনো সময় বড় বিপদের কারণ হতে পারে।


