যশোরের বাঘারপাড়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত কর্মীদের হামলায় দুই ভাইসহ বিএনপির অঙ্গসংগঠনের দুই নেতা গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দোহাকুলা ইউনিয়নের ঠাকুরকাঠি গলগুলিয়া বাজার মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন -যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবার হোসেন বিশ্বাস এবং তাঁর ভাই দোহাকুলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ বিশ্বাস (২৫)। তাঁরা উভয়েই ওই এলাকার ওমর ফারুক বিশ্বাসের ছেলে। বর্তমানে তাঁরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুই ভাই ঠাকুরকাঠি গলগুলিয়া বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় প্রভাবশালী মনিরুল (৫৫), জিয়াউর (৪৫), তুরজাউল (৪০), সাব্বির (২৪), শান্ত (২১), নাজমুল (৩৫) ও তানভীরসহ (২০) একদল যুবক ধারালো রামদা নিয়ে তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা বাঘারপাড়া আসনের সাবেক সংসদ সদস্য রনজিৎ রায়ের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
হামলায় দুই ভাই রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের শরীরে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ।
প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল এবং ভুক্তভোগী পরিবার বাঘারপাড়া থানায় অবস্থান করছিল।


