যশোর শহরের নীলগঞ্জ তাতীপাড়া এলাকায় ধারালো চাইনিজ কুড়াল নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও ত্রাস ছড়ানোর অভিযোগে ইমরান খান টুটুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক টুটুল নীলগঞ্জ তাতীপাড়ার নুর ইসলাম খানের ছেলে।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই সামছুল হক বাদী হয়ে টুটুলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়,গত ১৪ মে বিকেলে পুলিশের কাছে খবর আসে, নীলগঞ্জ তাতীপাড়া এলাকায় এক ব্যক্তি ধারালো চাইনিজ কুড়াল হাতে নিয়ে এলাকায় ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। এ সময় হাতেনাতে টুটুলকে আটক করা হয়।
এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, স্থানীয় ব্যবসায়ী হারুন অর রশিদের সঙ্গে দোকান সংক্রান্ত বিরোধের জেরে টুটুল হারুনসহ তার বাবা হাফিজুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় তারা আহত হন।
পরে স্থানীয় লোকজন টুটুলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এ ঘটনয় পুলিশ বাদী হয়ে মামলা করেন।


