যশোরে গণসমাবেশে জনসমাগমের প্রত্যাশা, সহযোগিতা চাইল স্বেচ্ছাসেবক দল

যশোরে গণসমাবেশে জনসমাগমের প্রত্যাশা, সহযোগিতা চাইল স্বেচ্ছাসেবক দল

যশোরে আগামী ২৫ জুলাই (শনিবার) অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।

তিনি বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার সহযোগীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিকেল সাড়ে ৩টায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এমপি। বিশেষ বক্তা থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

মোস্তফা আমির ফয়সাল বলেন, সমাবেশের তারিখ ঘোষণার পর গত এক সপ্তাহে জেলা স্বেচ্ছাসেবক দলের সব সাংগঠনিক ইউনিট প্রস্তুতি সভা সম্পন্ন করেছে। তিনি দাবি করেন, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং এবারের সমাবেশে অতীতের তুলনায় বেশি মানুষের উপস্থিতি হবে।

তিনি আরও বলেন, ছুটির দিনে শহরের গুরুত্বপূর্ণ চৌরাস্তা মোড়ে সমাবেশ হওয়ায় সাময়িকভাবে জনসাধারণের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। এ কারণে দলের পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করে তিনি সমাবেশ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য রাজু আহমেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

Explore More Districts