যশোরে এলপি গ্যাস ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা

যশোরে এলপি গ্যাস ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা

যশোরে এলপি গ্যাস ব্যবসায়ীদের অবৈধ কর্মকাণ্ড ও ক্রসফিলিং প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যশোর সদর ও ঝিকরগাছা উপজেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, যশোর এলপি গ্যাস পরিবেশক ব্যবসায়ী সমিতির অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসানের নির্দেশে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাতটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় অসাধু গ্যাস ব্যবসায়ীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীন, আশীষ কুমার দাস, বিশাল কুমার জাজোদিয়া, মো. তাওমীদ হাসান ও মীম বিনতে মুস্তাফিজ।

অভিযানে যশোর জেলা পুলিশের সদস্যরা এবং বিএসটিআই যশোরের পরিদর্শক মো.সাব্বির আহমেদ সহযোগিতা করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts