যশোরে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন-পুলিশ-র‌্যাব-আনসারের যৌথ মহড়া

jessore map

সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় এমন বার্তা দিতে যশোর শহরে যৌথ মহড়া দিয়েছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, র‌্যাব ও আনসার। বাঁশি ও সাইরেন বাজিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির জানান দেয় তারা।

বুধবার (১২ আগস্ট) রাতে পুলিশ সুপার যশোরের সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় জেলা পুলিশের ১০টি টিম, ১০টি গাড়ি ও ৬টি মোটরসাইকেল, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র‌্যাব ও আনসারের পৃথক টিম অংশ নেয়।

মহড়াটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়, পালবাড়ি, চাঁচড়া চেকপোস্ট, মুড়লি মোড়, মনিহার, হাইকোর্ট মোড়, নিউ মার্কেট, দড়াটানা, রেলস্টেশন, পুলিশ লাইন্স, প্যারিস রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মহড়ায় অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কোতোয়ালি থানার ওসি, ডিবির ওসি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও আনসারের সদস্যরা অংশ নেয়।

সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার এবং যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় এ ধরনের সমন্বিত মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Explore More Districts