যশোরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক পরিবহন ব্যবসায়ী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার পর তার কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
ভুক্তভোগীর নাম মো. ইলিয়াস হোসেন (৫০)। তিনি নড়াইল সদর থানার ভোয়াখালী এলাকার বাসিন্দা এবং পেশায় একজন পরিবহন ব্যবসায়ী।
জানা যায়, সোমবার বিকেলে বাসের যন্ত্রাংশ ক্রয়ের উদ্দেশ্যে নড়াইল থেকে বাসযোগে যশোরে আসছিলেন মো. ইলিয়াস হোসেন। যশোর জেলার বাঘারপাড়ার চাড়াভিটা বাজার এলাকায় পৌঁছালে বাসের ভেতরে থাকা অজ্ঞাতনামা দুই ব্যক্তি কৌশলে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে তাকে অচেতন করে ফেলে। এরপর তার প্যান্টের পকেট কেটে সঙ্গে থাকা নগদ ৪০ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যায়।
পরবর্তীতে বাসটি শহরের মনিহার বাসস্ট্যান্ডে পৌঁছালে বাসের ভেতরে ইলিয়াস হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বাসের সুপারভাইজার আব্দুর রহমান তাকে উদ্ধার করেন। পরে তাৎক্ষণিকভাবে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।


