যশোরের শার্শায় ডিবি পুলিশের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ আটক ২

যশোরের শার্শায় ডিবি পুলিশের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ আটক ২

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে যশোর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার ভোররাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রুদ্রপুর উত্তরপাড়ার বাসিন্দা রাসেল রানাকে তার বসতঘর থেকে আটক করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল রানা তার শয়নকক্ষের বালিশের নিচে রাখা একটি পলিথিন ব্যাগে অস্ত্র থাকার তথ্য দেন। পরে তার দেখানো স্থান থেকে দুইটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে রাসেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে বেনাপোলের পুটখালী পশ্চিমপাড়া এলাকা থেকে জিয়াউর রহমান ওরফে হাফিজুর নামে আরও একজনকে আটক করে ডিবি পুলিশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আটক রাসেল রানার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। উদ্ধার হওয়া আলামতের মধ্যে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং একটি ভিভো মোবাইল ফোন রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Explore More Districts