বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামে ট্রাক্টর (টলি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (২০ জুলাই) সকাল ৬টার দিকে গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—যশোর কোতয়ালী থানার সুজনপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মোটরসাইকেল চালক নাহিদ (৪০) এবং বেনাপোল পোর্ট থানার বালুন্ড গ্রামের জমাত আলীর ছেলে উষা (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিন আরোহী মোটরসাইকেলযোগে রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রুদ্রপুর-গোগা পাকা সড়কের সালামের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের (টলি) সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে তৃতীয় আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘাতক ট্রাক্টর ও এর চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


