যশোরের মণিরামপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা – DesheBideshe

যশোরের মণিরামপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা – DesheBideshe

যশোরের মণিরামপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা – DesheBideshe

যশোর, ০৫ জানুয়ারি – যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রানা প্রতাপের মাথায় কয়েক রাউন্ড গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, ঘটনাস্থলে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

রানা প্রতাপ যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের স্কুলশিক্ষক তুষার বৈরাগীর ছেলে। তিনি মণিরামপুরের কপালিয়া বাজারে একটি বরফকল পরিচালনা করতেন।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু জানান, রানা প্রতাপ গত দুই বছর ধরে কপালিয়া বাজারে বরফকল চালিয়ে আসছিলেন।

তিনি আরও বলেন, সোমবার সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে বাজারে অবস্থিত একটি ক্লিনিকের পাশের গলি রাস্তার মুখে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত রিপন হোসেন সাজু নামের এক ব্যক্তি জানান, হত্যাকারীরা একটি মোটরসাইকেলে করে এসে রানাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে পাশের একটি গলিতে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা রানার মাথায় কয়েক রাউন্ড গুলি করে এবং পরে মণিরামপুরের দিকে যাওয়ার রাস্তা দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে রানার মরদেহের পাশে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, রানা প্রতাপ নামে এক বরফকল মালিককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। তার মাথায় একাধিক গুলি করা হয়েছে। খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬



Explore More Districts