যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত

“মাঠ থেকেই শুরু সাফল্য” স্লোগানকে সামনে রেখে নানা আয়োজন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শেষ হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

গত ১৮ এপ্রিল শুরু হওয়া তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, সুশৃঙ্খল ও সুন্দরভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। তিনি উল্লেখ করেন, ক্লাস ও পরীক্ষা চলমান থাকায় অনেক শিক্ষার্থী অংশ নিতে পারেননি।

ভবিষ্যতে আরও বড় পরিসরে ও সুন্দর আয়োজনের মাধ্যমে এ প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. শাহিনূর রহমান।

Explore More Districts