যবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা-ক্যারাম প্রতিযোগিতা শেষ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তিন দিনব্যাপী আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা-২০২৬ শেষ হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

গত ৩১ আগস্ট শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Explore More Districts