রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক সাংবাদিক। ছিনতাইকারীরা তাকে মারধর করে ক্যামেরার ব্যাগ ও মোবাইল নিয়ে গেছে।
বুধবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকের নাম মোজাম্মেল হোসাইন নয়ন। তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটোগ্রাফার।
ভুক্তভোগী সাংবাদিক নয়ন বলেন, অফিস শেষে বাসায় ফিরছিলাম। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে পায়ে হেটে বেড়িবাঁধের দিকে যাচ্ছিলাম। পথে কাদেরাবাদ হাউজিং এলাকায় পৌঁছা মাত্র কয়েকজন ছেলে আমাকে ঘিরে ধরে। তারা আমাকে টেনে আড়ালে নিয়ে যায়। সেখানে আমাকে মারধর করা হয়। পরবর্তীতে আমার সঙ্গে থাকা ক্যামেরার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনার পর থানায় জানালে পুলিশের একটি টিম ঘটনা স্থলে এসেছে। আগামীকাল আবার যেতে বলেছে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হবে। আমি এখন হাসপাতালে যাচ্ছি।
সাংবাদিককে মারধর ও ছিনতাইয়ের ঘটনার বিষয়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারেক সিকান্দার বলেন, ঘটনার পরপরই থানা উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে আহত ওই সাংবাদিকের ক্যামেরা উদ্ধারে থানার স্পেশাল একটি টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কাজ করছে।
