মেলান্দহের মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর রহমান মাস্টারের নির্বাচনী আলোচনা সভা – দৈনিক আজকের জামালপুর

মুত্তাছিম বিল্লাহ

মেলান্দহের মাহমুদপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৩নম্বর মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর রহমান মাস্টারের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া জান্নাতুল বাকী হাফিজিয়া মাদ্রাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ৫নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ রোমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর রহমান মাস্টার।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর রহমান মাস্টার বলেন, “মাহমুদপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, জনবান্ধব ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। আমার কাছে ইউনিয়নের প্রতিটি মানুষ সমান। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান দায়িত্ব।

শিক্ষা ও  মাদক নিয়ে তরুনদের উদ্দেশ্যে তৈয়বুর রহমান মাস্টার বলেন, শিক্ষা একটি সমাজের মূল ভিত্তি। তাই মাহমুদপুর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আমাদের সন্তানরা যেন মাদক ও অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়ে, সেজন্য পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষকে সঙ্গে নিয়ে সামাজিকভাবে মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলতে চাই। বর্তমানে মাদক, কিশোরদের বিপথগামিতা, সামাজিক অবক্ষয় ও বিভিন্ন ধরনের অপরাধ আমাদের সমাজের জন্য বড় চ্যালেঞ্জ। আমি নির্বাচিত হলে মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলব। তরুণ সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। কারণ তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে পারলেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, মাহমুদপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও আমার অন্যতম প্রধান অঙ্গীকার। ইউনিয়নের যেসব রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে আছে, সেগুলো পর্যায়ক্রমে সংস্কার ও উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করব। বিশেষ করে গ্রামীণ সড়ক, গুরুত্বপূর্ণ বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও মানুষের যাতায়াতের প্রধান সড়কগুলোকে গুরুত্ব দেওয়া হবে। আমি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েই মানুষের কাছে এসেছি। ইউনিয়ন পরিষদের কোনো উন্নয়ন কাজে অনিয়ম, স্বজনপ্রীতি বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ জনগণের উন্নয়নেই ব্যয় করতে হবে। পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা থাকবে। সাধারণ মানুষ যেন কোনো হয়রানি ছাড়াই তাদের কাঙ্খিত সেবা পান, সেটিও নিশ্চিত করতে চাই।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, নলছিয়া জান্নাতুল বাকী হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট দানবীর আলহাজ¦ আব্দুল জলিল জান মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মাওলানা আলাউদ্দিন, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ বাবলু, যুব বিষয়ক সম্পাদক, মোঃ ইবাদুল হক রোমান, ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ মেম্বার, মুসা সরকার, দেলোয়ার হোসেন, এমদাদুল হক মাস্টার, সোহরাব শেখ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোলাইমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল হোসেন লাভলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদল নেতা গোলাম রব্বানী। বক্তারা বিপুল ভোটের ব্যাবধানে ইউনিয়ন বিএনপিরি সভাপতি তৈয়বুর রহমান মাস্টারকে বিজয়ী করার প্রত্যয় ব্যাক্ত করেন।

Explore More Districts