| ৪ May ২০২৬ Monday ১:২৭:১৪ PM | |
ভোলা প্রতিনিধি:

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি কাঠের বোটসহ ১২ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিবার (৩ মে) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে কোস্ট গার্ড এ উদ্ধার অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিকেল ৩টার দিকে মনপুরার কলাতলীচর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট মনপুরার মাস্টারহাটের উদ্দেশে রওনা দেয়। পথে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং এটি চর শামসুদ্দিন সংলগ্ন মেঘনা নদীতে ভেসে থাকে।
এ সময় এক যাত্রী ৯৯৯-এ কল করে সাহায্য চাইলে বিষয়টি কোস্ট গার্ডের নজরে আসে। পরে মনপুরা আউটপোস্ট থেকে দ্রুত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে বোটসহ সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করে মনপুরার হাজিরহাট সংলগ্ন ঘাটে নিয়ে যায়।
কোস্ট গার্ড জানিয়েছে, জনসেবায় তাদের এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

