শহীদ মোহাম্মদ আনোয়ার হোসেন, বীরউত্তম: ১৯৭১ সালে যশোর সেনানিবাসে অবস্থানরত ১০৭ ইনফ্যান্ট্রি ব্রিগেডের অধীন প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন এই কলেজের সপ্তম ব্যাচের ছাত্র তৎকালীন সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেন।
১৯৭১ সালের ২৫ মার্চ দেশব্যাপী গণহত্যাযজ্ঞ শুরুর অব্যবহিত পর ২৯ মার্চ তাঁর রেজিমেন্টে কর্মরত সব বাঙালি সৈনিক ও অফিসারকে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ৩০ মার্চ সেই নির্দেশ অমান্য করে এবং পাকিস্তানি সেনাদের হামলা পরিকল্পনা বুঝতে পেরে তৎকালীন লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে বাঙালি সৈনিকেরা মুক্তিযুদ্ধের পক্ষে বিদ্রোহ করেন এবং অস্ত্রাগার ভেঙে অস্ত্র ছিনিয়ে এনে পাকিস্তানি সেনাদের ওপর পাল্টা হামলা করেন।
আট ঘণ্টাব্যাপী প্রতিরোধ যুদ্ধে পাকিস্তানি সেনা অনেকে হতাহত হলেও তাদের অস্ত্রে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ এই প্রথম সামরিক অফিসারকে স্বাধীনতার পর বাংলাদেশ সরকার বীরউত্তম উপাধিতে ভূষিত করে। ঢাকা সেনানিবাসে শহীদ লে. আনোয়ার বীরউত্তম গার্লস স্কুল ও কলেজটির নামকরণ করা হয়েছে তাঁরই সম্মানে।


