মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের কাজিরহাট এলাকার খন্দকার বাড়িতে পুকুরে ঘাটলায় বন্ধুদের সাথে খেলতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে এক স্কুলছাত্র। নিহত কিশোর শোয়াইব হোসেন (১৪) মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র এবং মোল্লাপাড়া হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা খানম ও মোফাজ্জল হোসেন দম্পতির বড় ছেলে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী পূর্ব মায়ানী গ্রামে উক্ত দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে। গ্রামের জনৈক প্রতিবেশী রফিক উদ্দিন জানান, দুপুরে দুই বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিল শোয়াইব। খেলার ছলে তারা পুকুর ঘাটের নিচ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। এক পর্যায়ে বন্ধুরা ভেবেছে শোয়াইব মনে হয় তাদের না বলে চলে গেছে। অন্য দুই বন্ধু অন্যপাশ দিয়ে পার হয়ে বাড়িতে ফিরে গেলেও শোয়াইব বাড়িতে না আসায় তারা পুনরায় পুকুরে ফিরে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর এক পর্যায়ে পুকুর ঘাটের নিচে তাকে আটকা পড়া অবস্থায় পাওয়া যায়। উদ্ধারের আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, দুপুরবেলা গোসল করতে নেমে খেলতে গিয়ে শ্বাসরোধ হয়ে ছাত্রটির মৃত্যু হয়। হাসপাতালে আনার আগেই সে মারা গিয়েছিল। পরে তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙেও নেয়া হয়েছিল।


