ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল বিভাগের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী (ডাউন) লাইনে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) রাশেদ রানা জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরনে ছিল কালো প্যান্ট ও সাদা-কালো চেক শার্ট। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



