মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে টাঙ্গাইলের মির্জাপুরে ‘ডমিনেশন পেট্রোল’ পরিচালনা করেছে যৌথবাহিনী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ পেট্রোলে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত একটি গাড়িবহর। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড, চরপাড়া, পাকুল্যা, জামুর্কী, মির্জাপুর বাইপাস, দেওহাটা, ধেরুয়া ও গোড়াই এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর হাফিজ আল জূহেব জানান, দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে পেট্রোলিং কার্যক্রম শুরু হয়। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং ভোটারদের আশ্বস্ত করতেই এ বিশেষ ডমিনেশন পেট্রোল পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারও মনে যেন ভয়-ভীতি না থাকে, সে বার্তা দিতেই সব বাহিনী একসঙ্গে পেট্রোলিং করেছে।
এ সময় সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ, মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, বিজিবির নায়েক সুবেদার ওহাব আলী, র্যাব সিপিসি-১৪-এর ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

