মির্জাপুরে জাঁকজমকভাবে স্বাধীনতা দিবস উদযাপন – News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে জাঁকজমকভাবে স্বাধীনতা দিবস উদযাপন – News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি প্রদান করা হয় এবং বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ ‘অর্জন’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সকাল ৯টায় উপজেলা মিনি স্টেডিয়াম প্যারেড গ্রাউন্ডে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এসময় সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ ও ডিসপ্লে শেষে বিজয়ীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। পরে একই স্থানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts