| ২৯ August ২০২৬ Saturday ৭:১১:৫৯ PM | |
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে নবগঠিত উপজেলা যুবদলের আংশিক কমিটি বাতিলের দাবিতে মানবন্ধন করেছেন পদবঞ্চিতরা। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সদরের সুবিদখালী হাই স্কুলের সামনে বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিযোগ, দলের জন্য দীর্ঘদিন ধরে মাঠে কাজ করা ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে উপজেলা যুবদলের আংশিক কমিটিতে মাদক কারবারি, চাকরিজীবী, অযোগ্য ও বিতর্কিতদের স্থান দেওয়া হয়েছে। এ কারণে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, ‘এই কমিটি দলের ভাবমূর্তি নষ্ট করবে। আমরা অবিলম্বে বিতর্কিত উপজেলা যুবদলের আংশিক কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি চাই।’
এ সময় নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে কমিটি বাতিলের সিদ্ধান্ত না এলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক সুজন হাওলাদার, বাবুল মুন্সি, শাহীন ফরাজি, সৌরভ মুন্সিসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শত শত নেতাকর্মী।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
