মিরপুরে ৩১৭ শিশুকে নামাজে উৎসাহিত করতে সাইকেল উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী – DesheBideshe

মিরপুরে ৩১৭ শিশুকে নামাজে উৎসাহিত করতে সাইকেল উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী – DesheBideshe

মিরপুরে ৩১৭ শিশুকে নামাজে উৎসাহিত করতে সাইকেল উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ১৭ মার্চ – পবিত্র রমজান মাসে শিশুদের মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায়ে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মাসব্যাপী পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার স্বীকৃতিস্বরূপ মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের হাতে এসব উপহার হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আমিনুল হক বলেন, সাইকেল উপহার দেওয়া মূল বিষয় নয়, প্রধান উদ্দেশ্য হলো ছোট শিশুদের নামাজের প্রতি আকৃষ্ট করা। অল্প বয়সে তারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজে অভ্যস্ত হলে ভবিষ্যতে আর বিপথগামী হবে না।

তিনি জানান, তার নির্বাচনী এলাকার চারটি ওয়ার্ডের ছয়টি মসজিদের মোট ৩১৭ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর আগে প্রথম পর্বের কাজ সম্পন্ন হয়েছিল এবং শেষ ধাপে ২৪৫ জন শিশুকে সাইকেল দেওয়া হয়। শিশুদের এই অভ্যাস কেবল রমজান মাসে সীমাবদ্ধ না রেখে সারা বছর অব্যাহত রাখার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম এবং মুয়াজ্জিনদের সম্মানি ভাতা প্রদান ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের কথা উল্লেখ করে তিনি জানান, আগামী ৩০ মার্চ দেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হবে।

এছাড়াও এপ্রিলের মাঝামাঝি সময়ে কৃষকদের জন্য কৃষক কার্ড কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে স্থানীয় মসজিদের ইমাম, খতিব, অভিভাবক এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএন/ ১৭ মার্চ ২০২৬



Explore More Districts