‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয় ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খাঁনের সাথে পৃথকভাবে মতবিনিময় করেছে নিসচা’র একটি প্রতিনিধি দল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম। প্রতিনিধি দলে আরও ছিলেন সহ-সাধারণ সম্পাদক আমান হাসান, মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নের উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক আশফাক আহমদ, এহসান আহমদ, সদস্য সচিব জমির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব রেদওয়ান আহমদ, সদস্য মাহিনুর ইসলাম মাহিন, ফরহাদ আহমদ প্রমুখ।
এসময় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন নিসচা নেতারা।
সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জ (ওসি) নিসচার মাসব্যাপী কর্মসূচির সচেতনতা মূলক, সামাজিক ও স্বেচ্ছাসেবী বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং নিসচার কার্যক্রম নিয়ে ভূয়সী প্রশংসা করেন। অক্টোবরের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থেকে তা বাস্তবায়নে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলেও তারা জানান।
এদিকে নিসচা’র নেতারা জানান, ০১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন হবে। কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।
তারা আরও জানান, ০১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সচেতনতা মূলক বিভিন্ন ব্যতিক্রমধর্মী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচিতে তারা সচেতন মহলের সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণ করার আহবান জানান।


