মার্কিন যুদ্ধজাহাজে ভয় পাই না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান – DesheBideshe

মার্কিন যুদ্ধজাহাজে ভয় পাই না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান – DesheBideshe

মার্কিন যুদ্ধজাহাজে ভয় পাই না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান – DesheBideshe

তেহরান, ৮ ফেব্রুয়ারি – ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন ইরানকে ভীত করে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আরাগচি বলেন, “শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ইরানকে অনেক মূল্য দিতে হয়েছে। কেউ আমাদের নির্দেশ দেওয়ার অধিকার রাখে না। এমনকি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও আমরা সমৃদ্ধকরণ কর্মসূচি বাদ দেব না।”

গত শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফের সঙ্গে পরোক্ষ বৈঠক করেন আরাগচি। ওই বৈঠকের দুই দিন পরই তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি প্রসঙ্গে আরাগচি বলেন, “এই অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন আমাদের ভীত করে না।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন—ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্তে চুক্তিতে না আসে, তাহলে সামরিক হামলা চালানো হতে পারে। এরই অংশ হিসেবে যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনসহ একাধিক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে।

গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। সে সময় ট্রাম্প দাবি করেছিলেন, তেহরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে তিনি আবারও ইরানের সঙ্গে নতুন চুক্তির আগ্রহ প্রকাশ করছেন।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts