
তেহরান, ২৭ মার্চ – মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত ৯২ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। সংস্থাটির দেওয়া তথ্যমতে ক্ষতিগ্রস্ত ৯২ হাজার ৬৬২টি ভবনের মধ্যে রয়েছে ৭১ হাজার ৩৫৬টি আবাসিক ভবন, ২০ হাজার ৩৯৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ২৯০টি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত ইরানি রেড ক্রিসেন্টের ১৭টি কেন্দ্র, ৪৬টি অ্যাম্বুলেন্স এবং তিনটি হেলিকপ্টারও হামলার শিকার হয়েছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ১২০টি জাদুঘর ও ঐতিহাসিক স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
তেহরান সিটি কাউন্সিলের সাংস্কৃতিক ঐতিহ্য কমিটির প্রধান আহমদ আলাভি জানান বিভিন্ন প্রদেশের এসব ঐতিহাসিক ভবন ও সাংস্কৃতিক স্থান সরাসরি নিশানা করে হামলা চালানো হয়েছে। এর ফলে এগুলোর মূল কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে গোলেস্তান প্যালেস, সাদাবাদ প্যালেস, মার্বেল প্যালেস এবং তিমুরতাশ হাউস অন্যতম।
অন্যদিকে ইরানের কোম শহরে চালানো পৃথক এক হামলায় ১৮ জনের প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
ফারস নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ জানিয়েছে শুক্রবার ভোরে কোম শহরের পারদিসান এলাকায় এই হামলা হয়। শুরুতে নিহতের সংখ্যা ছয়জন জানানো হলেও পরে তা বেড়ে ১৮ জনে দাঁড়ায়। এ ঘটনায় আরও দশজন আহত হয়েছেন।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সংস্থাটি জানিয়েছে হামলায় লক্ষ্যবস্তু করা ওই এলাকাটি মূলত একটি আবাসিক অঞ্চল।
এনএন/ ২৭ মার্চ ২০২৬



