মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে ১১ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন – দৈনিক আজাদী

মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে ১১ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন – দৈনিক আজাদী

চট্টগ্রামের কোরিয়ান কেইপিজেডের আনোয়ারা কর্ণফুলী উপজেলায় হাতির সুরক্ষা এবং মানুষ ও হাতি দ্বন্দ্ব নিরসনে করণীয় নির্ধারণে ১১ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ এর উপ-সচিব ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমকে আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা ফিরোজ, একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুল এইচ খান, দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের (আইইউসিএন) প্রতিনিধি, কোরিয়ান ইপিজেডের (২ জন) সদস্য, ঢাকা আগারগাঁও বন ভবনের ইউএস ফরেস্ট সার্ভিসের কান্ট্রি কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ আব্দুল মোতালেব, সেভ দ্য নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন, অভয়ারণ্য বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রুবাইয়া আহমেদ, ঢাকা বিশ্বিবদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মুনতাসির আকাশ ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা।

আদেশে বিশেষজ্ঞ কমিটির কার্য পরিধিতে বলা হয়েছে, চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার হাতির সুরক্ষা, কেইপিজেড কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ, মানুষ হাতি’র দ্বন্দ্ব নিরসনে সুনির্দিষ্ট সুপারিশ সম্বেলিত প্রতিবেদন আগামী তিন সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে দাখিল করবে।

Explore More Districts