মাদক বিক্রিতে বাধা: আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মানববন্ধন

মাদক বিক্রিতে বাধা: আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মানববন্ধন

২৭ March ২০২৬ Friday ৫:০৬:২০ PM

Print this E-mail this


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

মাদক বিক্রিতে বাধা: আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মানববন্ধন

বরগুনার আমতলী উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সোমবার রাতে গাজীপুর–কুকুয়া সড়কের মৃধাবাড়ী স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ব্যবসায়ী সোহাগ হাওলাদার বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ স্থানীয় কয়েকজনের মাদক বিক্রিতে বাধা দেন সোহাগ হাওলাদার। এর জেরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। অভিযুক্তরা তার চোখ ও মুখ বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। 

এ ঘটনায় সোমবার রাতেই আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তরা এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মৃধাবাড়ী স্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে স্থানীয় বাসিন্দারা। এতে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই হয়রানির শিকার হতে হয়। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশালে পাঠানো হয়েছে। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts