বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে তার লাশ উদ্ধার করেন। নিহত পর্যটকের নাম আবদুল ওয়াদুদ সায়েম (২১)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী এলাকার মো. সাইফুল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে সীতাকুণ্ড থেকে ছয়জনের একটি পর্যটক দল লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি এলাকায় ‘মিনঝিরি হোয়াইট পিক স্টেশন’ নামের একটি রিসোর্টে ওঠেন। সেখানে পৌঁছানোর পর তারা পাশের মাতামুহুরী নদীতে গোসলে নামেন। একপর্যায়ে নদীর গভীর অংশে গিয়ে নিখোঁজ হন ওয়াদুদ। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর দেড়টা থেকে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাতটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
রিসোর্টের ম্যানেজার মো. আরাফাত দাবি করেন, পর্যটকদের নদীর গভীর অংশে না যেতে আগে থেকেই লাল পতাকা দিয়ে সতর্ক করা হয়েছিল। তাদেরও নিষেধ করা হয়েছিল। কিন্তু আনন্দের ছলে নিষেধ অমান্য করে গভীরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
লামা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, দীর্ঘ উদ্ধার অভিযান শেষে সন্ধ্যায় নদী থেকে মরদেহটি পাওয়া যায়। পরে লাশটি হাসপাতালে পাঠানো হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




