মধ্যপ্রাচ্য সংকটে ফ্লাইট জটিলতা, ভারতে আটকা পড়ল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে – DesheBideshe

মধ্যপ্রাচ্য সংকটে ফ্লাইট জটিলতা, ভারতে আটকা পড়ল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে – DesheBideshe

মধ্যপ্রাচ্য সংকটে ফ্লাইট জটিলতা, ভারতে আটকা পড়ল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে – DesheBideshe

নয়া দিল্লি, ৩ মার্চ – টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পশ্চিম এশিয়ার আকাশসীমা সীমিত হয়ে পড়েছে। দুবাই বিমানবন্দর পুরোপুরি বন্ধ থাকায় জিম্বাবুয়ের পর এবার ভারতে আটকা পড়েছে হেটমায়ার ও হোপরা। কলকাতাতেই আটকে আছে গোটা দল। মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয় যে চলমান সংঘাতের কারণে ভারতে আটকা পড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলও। দিল্লিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছে সিকান্দার রাজার দল।

এরপর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও এখনই দেশে ফেরা হয়নি জিম্বাবুয়ের ক্রিকেটারদের। তাদেরকে দিল্লিতে বিশেষ ব্যবস্থায় রেখে দেওয়া হয়েছে। এর আগে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচ খেলে বিদায় নেওয়া পাকিস্তান একটি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে কলম্বো থেকে লাহোরে ফিরেছে। এদিন সকালে তেহরানে যৌথ সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে নিরাপত্তা শঙ্কায় এই অঞ্চলে এবং আন্তর্জাতিকভাবে বিমান চলাচল ব্যাহত হচ্ছে।

ফলে বেশ কয়েকটি এয়ারলাইনস ফ্লাইট বাতিল করতে বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক ভ্রমণ সহজতর করতে আপদকালীন পরিকল্পনা গ্রহণ করার কথা জানিয়েছে আইসিসি। তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সকল অংশীজনদের ভ্রমণ ও লজিস্টিকস নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা সক্রিয় করেছে। এক বিবৃতিতে আইসিসি জানায় যে মধ্যপ্রাচ্যের সংকটের সঙ্গে টুর্নামেন্ট পরিচালনার কোনো সরাসরি সম্পর্ক নেই।

তবে আইসিসি স্বীকার করছে যে বিপুল সংখ্যক কর্মী ইভেন্টে তাদের দায়িত্ব শেষ করে নিজ দেশে ফেরার জন্য ট্রানজিট পয়েন্ট হিসেবে পারস্য উপসাগরীয় অঞ্চলের হাব বিমানবন্দরগুলোর ওপর নির্ভরশীল। আইসিসি ট্রাভেল এবং লজিস্টিকস টিম ইউরোপ ও এশিয়ার বিভিন্ন হাবের মাধ্যমে সংযোগসহ বিকল্প রুটিং অপশনগুলো শনাক্ত ও নিশ্চিত করতে প্রধান আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। আইসিসির নিরাপত্তা পরামর্শকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতির উন্নতির সঙ্গেই পরামর্শ প্রদান করবেন। একটি ডেডিকেটেড আইসিসি ট্রাভেল সাপোর্ট ডেস্কও সক্রিয় করা হয়েছে। উল্লেখ্য যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ আগামী ৪ ও ৫ মার্চ এবং আগামী ৮ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে।

এস এম/ ৩ মার্চ ২০২৬



Explore More Districts