মধ্যপ্রাচ্যে সংঘাত: তিন হাজার ফ্লাইট বাতিল, আটকা পড়েছেন ৩ লাখ যাত্রী – DesheBideshe

মধ্যপ্রাচ্যে সংঘাত: তিন হাজার ফ্লাইট বাতিল, আটকা পড়েছেন ৩ লাখ যাত্রী – DesheBideshe

মধ্যপ্রাচ্যে সংঘাত: তিন হাজার ফ্লাইট বাতিল, আটকা পড়েছেন ৩ লাখ যাত্রী – DesheBideshe

দোহা, ২ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। এই সংঘাতের প্রভাবে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান ও সৌদি আরবের মতো দেশগুলোতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। নিরাপত্তার স্বার্থে উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা বন্ধ রাখা হয়েছে, যার ফলে বিমান চলাচল ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।

সংঘাত শুরুর প্রথম কয়েক দিনেই তিন হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ওই অঞ্চলে আটকা পড়েছেন আনুমানিক তিন লাখ যাত্রী। দুবাই, আবুধাবি ও দোহার মতো প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলো তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করায় বিশ্বব্যাপী বিমান চলাচলের ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ থাকায় এখন পর্যন্ত তিন হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। যুক্তরাজ্য তাদের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে বিশেষ দল পাঠাচ্ছে বলে জানা গেছে।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, দুবাই, শারজাহ, আবুধাবি এবং দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ অঞ্চলের বড় বড় বিমানবন্দরগুলো কার্যক্রম বন্ধ রেখেছে। সব মিলিয়ে ছয় থেকে সাতটি প্রধান বিমানবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে সংযোগ স্থাপনে মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এই রুটগুলো বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ভ্রমণে ব্যাপক বিঘ্ন ঘটছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীদের চরম ভোগান্তির চিত্র উঠে এসেছে। নতুন টিকিট বুকিং বা হোটেলের ব্যবস্থা করতে যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই বিমানবন্দরের টার্মিনালে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক না হলে যাত্রীদের এই অনিশ্চয়তা আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

এস এম/ ২ মার্চ ২০২৬



Explore More Districts