| ৩১ August ২০২৬ Monday ৮:৫৩:০০ PM | |
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার দীর্ঘদিনের পানি সংকট নিরসনে নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় বিদ্যুৎ লাইন ও যন্ত্রাংশ স্থাপনের মাধ্যমে পৌরসভার পানি উত্তোলনকেন্দ্রের বিদ্যুৎ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বি ও পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল) সুকুমার চৌধুরীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে মঠবাড়িয়া পৌরসভার পানি উত্তোলনে দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের মতে, বিদ্যুতের ভোল্টেজ কম থাকায় পৌরসভার পানি উত্তোলন পাম্পগুলো প্রয়োজনীয় সময়ে পর্যাপ্ত পানি তুলতে পারছে না। ফলে পৌর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরে পানির সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে।
পানি সংকটের বিষয়টি দ্রুত সমাধানে আগামী সাত দিনের মধ্যে নতুন বিদ্যুৎ লাইন স্থাপন এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পানি উত্তোলন ব্যবস্থায় বিদ্যুৎজনিত সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নতুন বিদ্যুৎ লাইন স্থাপন করা হলে পৌরসভার পানি উত্তোলন ব্যবস্থা আরও কার্যকর হবে এবং নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে, ঘোষিত উদ্যোগ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর দীর্ঘদিনের পানি সংকটের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
