| ৩১ May ২০২৬ Sunday ৫:১৩:০৬ PM | |
ভোলা প্রতিনিধি:

ভোলায় নিজস্ব গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তীব্র লোডশেডিংয়ের শিকার হচ্ছেন ভোলার বাসিন্দারা। প্রতিদিন আট থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ।
এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রোববার (৩১ মে) সকালে ভোলা শহরের বাংলাবাজার এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে ভোলা একটি বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ জেলা হিসেবে পরিচিত হলেও জেলার সাধারণ মানুষ নিয়মিত বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
তারা আরও বলেন, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে। পাশাপাশি তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাত্রা।দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। এ সময় তারা আগামী ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধানে দৃশ্যমান উদ্যোগ নেওয়ার জন্য আলটিমেটাম দেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

