ভোটে হেরে ভোটারদের দেওয়া টাকা ফেরত চাইলেন বিজেপি প্রার্থীর স্ত্রী! – DesheBideshe

ভোটে হেরে ভোটারদের দেওয়া টাকা ফেরত চাইলেন বিজেপি প্রার্থীর স্ত্রী! – DesheBideshe

ভোটে হেরে ভোটারদের দেওয়া টাকা ফেরত চাইলেন বিজেপি প্রার্থীর স্ত্রী! – DesheBideshe

ভারত, ১৬ ফেব্রুয়ারি – ভারতের তেলেঙ্গানা রাজ্যে নির্বাচনের পর এক নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছেন এক পরাজিত প্রার্থী। ভোট কেনার জন্য ভোটারদের গোপনে অর্থ প্রদান করেছিলেন তিনি, কিন্তু নির্বাচনে হেরে যাওয়ার পর সেই টাকা ফেরত চাইতে শুরু করেছেন। মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির নেতা জাদি তিরুপতি।

তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীর কাছে মাত্র ১৬ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তীব্র হতাশায় পড়েন তিরুপতি ও তার পরিবার। অভিযোগ উঠেছে, জয়ের আশায় তিনি ভোটারদের যে অর্থ দিয়েছিলেন, তা পুনরুদ্ধারে মাঠে নেমেছেন তার স্ত্রী রূপা। হাতে তালিকা নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং তাদের কাছে জানতে চাইছেন কাকে ভোট দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রার্থীর স্ত্রী ভোটারদের সৃষ্টিকর্তার নামে শপথ করতে বাধ্য করছেন। যারা ভোট না দেওয়ার কথা স্বীকার করছেন, তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি ফেরত নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। নির্বাচনে অর্থের প্রলোভন দেখানো এবং পরবর্তীতে তা জোর করে ফেরত চাওয়ার এই ঘটনাটি গণতান্ত্রিক শিষ্টাচার ও নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে এবং নেটদুনিয়ায় তীব্র সমালোচনার ঝড় বইছে।

এসএএস/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts