আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। মঙ্গলবার তিনি শহরের ১ নম্বর ওয়ার্ড ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।
গণসংযোগকালে প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসীর খোঁজখবর নেন এবং তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণের দোয়া ও সমর্থন পেলে তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, এলাকার রাস্তাঘাট উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদার করা হবে তার অগ্রাধিকারমূলক লক্ষ্য।
গণসংযোগে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুল্লুক চাঁদ, রাশেদ আব্বাস রাজ, সালাউদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। অনিন্দ্য ইসলাম অমিত সেসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পাশে থাকার আহ্বান জানান।



