
ব্রাজিল, ২৭ ফেব্রুয়ারি – ব্রাজিলিয়ান লিগে জোড়া গোল করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নেইমার জুনিয়র।
তবে কেবল গোল করা নয় তাঁর গোল উদযাপনের ভঙ্গিটিই এবার বিশেষ বার্তা বহন করছে। ভাস্কো দা গামার বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ম্যাচে দুটি গোল করার পর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে সতীর্থ ভিনিসিয়ুসের আদলে নেচে গোল উদযাপন করেন তিনি।
সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সেখানে গোলের পর তাঁর নাচ নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং তাঁকে হলুদ কার্ডও দেখতে হয়। অভিযোগ রয়েছে প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছ থেকেও তিনি বর্ণবাদী মন্তব্যের শিকার হন।
ওই ঘটনার পর ভিনিসিয়ুসের সঙ্গে কথা বলেছিলেন নেইমার। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভিনিসিয়ুস আবার গোল করলে যেভাবে উদযাপন করবেন নেইমারও ঠিক সেভাবেই আনন্দ প্রকাশ করবেন।
ব্রাজিলের মাটিতে সেই কথার বাস্তবায়ন ঘটালেন নেইমার। তাঁর এই উদযাপন মূলত বর্ণবাদের বিরুদ্ধে সংহতির বার্তা। আনন্দ প্রকাশ করা যে কোনো অপরাধ নয় এবং বর্ণবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সেটিই তিনি বুঝিয়ে দিয়েছেন।
এদিকে নেইমারের ছন্দে ফেরা ব্রাজিল জাতীয় দলের জন্যও ইতিবাচক। সামনেই বিশ্বকাপ প্রস্তুতি তাই অভিজ্ঞ এই তারকার ফর্মে ফেরা কোচিং স্টাফদের জন্য বড় স্বস্তির খবর।
এম ম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬




