অভিষেকের পর থেকেই নেপোটিজম বিতর্ক, সমালোচনা ও প্রত্যাশার ভার—সবকিছুর সঙ্গেই তাঁকে পথ চলতে হয়েছে। কিন্তু এসবকে কখনোই বোঝা হিসেবে দেখেন না অনন্যা পাণ্ডে। বরং দর্শকের প্রত্যাশাকেই অনুপ্রেরণা মনে করেন এই বলিউড অভিনেত্রী। সম্প্রতি ফিল্ম ফেয়ার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ার, সাফল্য, প্রেম, সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রলিং ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।
সর্বশেষ ছবি ‘চাঁদ মেরা দিল’ অনন্যার কাছে বিশেষ এক অভিজ্ঞতা। তাঁর মতে, ছবিটি এমন এক আবেগময় সম্পর্কের গল্প, যা তাঁকে নতুনভাবে নিজেকে আবিষ্কার করার সুযোগ দিয়েছে। তিনি বলেন, ‘প্রতিটি ছবির সঙ্গে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার চেষ্টা করি। ‘চাঁদ মেরা দিল’ সে যাত্রারই একটি গুরুত্বপূর্ণ অংশ।’ একই ধরনের চরিত্রে আটকে থাকতে চান না বলেই অনন্যা এমন সব গল্প বেছে নিতে ভালোবাসেন, যা তাঁকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করায়। শুটিংয়ের পুরো অভিজ্ঞতাকে তিনি শেখার প্রক্রিয়া হিসেবে দেখেন। অভিনেত্রী জানান, এখনো নিজেকে একজন শিক্ষার্থী বলেই মনে করেন তিনি এবং প্রতিটি সেট তাঁকে নতুন কিছু শেখায়। দর্শকের ভালোবাসা পেলে সেটিকে তিনি কেবল নিজের অর্জন হিসেবে দেখেন না; বরং মনে করেন, পুরো দলের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয় একটি ভালো ছবি।
