
নয়াদিল্লি, ২১ মে – ভারতের প্রধান বিচারপতির মন্তব্যের প্রেক্ষিতে আলোচিত হওয়া ব্যাঙ্গাত্মক প্ল্যাটফর্ম তেলাপোকা জনতা পার্টি বা সিজেপি-র এক্স অ্যাকাউন্টটি ভারত থেকে ব্লক করা হয়েছে। এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে বৃহস্পতিবার নিজেই এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন যে, এক্স কর্তৃপক্ষ ভারতে তাদের অ্যাকাউন্টটি ব্লক করে দিয়েছে।
দিপকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে এই ব্লকের একটি স্ক্রিনশট প্রকাশ করে লিখেছেন যে এমনটি হওয়া প্রত্যাশিত ছিল।
এক্সে ব্লক হলেও ইনস্টাগ্রামে এই প্ল্যাটফর্মটির অনুসারী সংখ্যা হু হু করে বাড়ছে। ইতিমধ্যে সেখানে তাদের অনুসারী দেড় কোটি ছাড়িয়ে গেছে। এটি ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের অনুসারী সংখ্যার চেয়েও বেশি।
তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া জাগানো এই ব্যাঙ্গাত্মক প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয় মাত্র এক সপ্তাহ আগে। অভিজিত দিপকে নিজেকে এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পরিচয় দিচ্ছেন।
তেলাপোকা জনতা পার্টির একটি নিজস্ব ওয়েবসাইটও রয়েছে যেখানে যোগ দেওয়ার জন্য একটি ফরম দেওয়া হয়েছে। তাদের দাবি অনুযায়ী ইতিমধ্যে ছয় লাখের বেশি মানুষ এই দলে নিবন্ধিত হয়েছেন।
দলটির ইশতেহারে বলা হয়েছে যে প্রধান বিচারপতিরা অবসরে যাওয়ার পর তাদের জন্য রাজ্যসভায় কোনো আসন রাখা যাবে না এবং সংসদে নারীদের জন্য ৫০ শতাংশ আসন বরাদ্দ করতে হবে।
এনএন/ ২১ মে ২০২৬




