ভয়াবহ দাবানলে চিলিতে জরুরি অবস্থা ঘোষণা, প্রাণ হারালেন ১৮ জন – DesheBideshe

ভয়াবহ দাবানলে চিলিতে জরুরি অবস্থা ঘোষণা, প্রাণ হারালেন ১৮ জন – DesheBideshe

ভয়াবহ দাবানলে চিলিতে জরুরি অবস্থা ঘোষণা, প্রাণ হারালেন ১৮ জন – DesheBideshe

সান্তিয়াগো, ১৯ জানুয়ারি – দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে হঠাৎ করে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া এই আগুনে এখন পর্যন্ত অন্তত ১৮ জন মারা গেছেন। এরই মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় চলে যেতে বাধ্য হয়েছেন এবং শত শত বাড়িঘর পুড়ে গেছে। একই সময় অন্তত দুই ডজন স্থানে আগুন জ্বলছে।

আগুনের ভয়াবহতা ঠেকাতে চিলি সরকার বায়োবিও ও নুবলে—এই দুই অঞ্চলে জরুরি অবস্থা ও বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করেছে। এখন পর্যন্ত এই দুই অঞ্চলের প্রায় ৫০ হাজার একর জমি আগুনে পুড়ে গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) আল জাজিরা ও বিবিসির পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

রোববার চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে রাতের কারফিউও জারি করা হয়েছে।

চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বায়োবিও ও নুবলে অঞ্চলেই দাবানলের প্রভাব সবচেয়ে বেশি। রোববারই এই দুই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট বোরিক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, আগুন নিয়ন্ত্রণে সব ধরনের সম্পদ প্রস্তুত রাখা হয়েছে। জরুরি অবস্থা জারির ফলে সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বায়োবিও অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এই দুই শহরের মোট জনসংখ্যা প্রায় ৬০ হাজার।

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিজালদে বলেন, আগামী কয়েক দিনে প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রা, আগুন নেভানোর কাজ আরও কঠিন করে তুলবে। তিনি বলেন, দেশটি এখন একটি খুবই জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

এদিকে বায়োবিও ও নুবলে অঞ্চলে এখন পর্যন্ত প্রায় ৮৫ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। পরিস্থিতির কারণে ব্যাপকভাবে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হচ্ছে। এখন পর্যন্ত অন্তত ২৫০টি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় গণমাধ্যমে রাস্তায় পড়ে থাকা পুড়ে যাওয়া গাড়ির ছবি প্রকাশিত হয়েছে। দীর্ঘদিনের খরার কারণে সাম্প্রতিক বছরগুলোতে চিলিতে বারবার ভয়াবহ দাবানল দেখা দিচ্ছে। চিলির বন বিভাগ কনাফ জানিয়েছে, রোববার সারা দেশে মোট ২৪টি আগুন নেভানোর কাজে দমকল বাহিনী কাজ করছিল। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আগুনগুলো নুবলে ও বায়োবিও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই দুই অঞ্চলে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার হেক্টর বা ৫০ হাজার একর এলাকা আগুনে পুড়ে গেছে। প্রবল বাতাস এবং গ্রীষ্মকালীন উচ্চ তাপমাত্রা আগুনের বিস্তার আরও বাড়িয়ে দিচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

এই পরিস্থিতিতে চিলির বড় একটি অংশে তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনে সান্তিয়াগো থেকে বায়োবিও পর্যন্ত বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ-মধ্য চিলি বারবার ভয়াবহ দাবানলের কবলে পড়ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একসঙ্গে শুরু হওয়া দাবানলে দেশটিতে ১৩০ জনের বেশি মানুষ মারা যান। তখন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছিলেন, ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের পর সেটিই ছিল চিলির সবচেয়ে বড় ট্র্যাজেডি। ওই ভূমিকম্পে অন্তত ৫০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬



Explore More Districts