মা ও নবজাতকের নিরাপদ সেবায় দক্ষ মিডওয়াইফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই সুদক্ষ মিডওয়াইফ গড়ে তুলতে প্রয়োজন মানসম্মত শিক্ষা, প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক দক্ষতা। এই আহ্বান সামনে রেখে গত মঙ্গলবার ব্র্যাক ইউনিভার্সিটিতে উদ্যাপিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৬। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ মাতৃসেবায় বিশ্বব্যাপী আরও ১০ লক্ষ মিডওয়াইফ প্রয়োজন।’
অনুষ্ঠানটির আয়োজন করেছিল ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের মিডওয়াইফারি এডুকেশন প্রোগ্রাম। দিবসটি উপলক্ষে মোহাম্মদপুর ও শ্যামলীতে অনুষ্ঠিত হয় র্যালি, নাটক ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। এসব আয়োজনের মাধ্যমে দক্ষ মিডওয়াইফের গুরুত্ব, মাতৃস্বাস্থ্যসেবায় তাঁদের অবদান এবং এই পেশার সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

