হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, গতকাল সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছিল। তবে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কেবল এমন একটি চুক্তিতেই সম্মত হবেন, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো বলে বিবেচিত হবে এবং তাঁর নির্ধারিত শর্তগুলো পূরণ করবে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।’
এদিকে ইরানের এক জ্যেষ্ঠ সূত্র রয়টার্সকে বলেছে, দুই পক্ষ চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে, তবে এখনো সেটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়নি।
নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক জ্যেষ্ঠ সূত্র বলেছে, সম্ভাব্য এই চুক্তিতে পারমাণবিক কর্মসূচি–সংক্রান্ত কোনো বিষয় অন্তর্ভুক্ত নেই।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের বিষয়টি ইরান এবং ওমানের সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত।